পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জনগণের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক কারবারি ও ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের কঠোর হাতে দমন করতে হবে। যে কোনো মূল্যে জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
রোববার (৮ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরদার অভিযান, সড়কে ট্রলি চলাচল নিয়ন্ত্রণ, দিনের বেলায় অবৈধ ট্রলি চলাচল বন্ধ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়।
সভায় পটুয়াখালী পুলিশ সুপার মো: আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে মতামত প্রদান করেন।



