পাকুন্দিয়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

গাজীপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পৌরসভার একটি ময়লার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো চারজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নজরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

আহতরা হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৪০), তার শিশুপুত্র সাইফান (১৬ মাস), তাড়াইল উপজেলার কাজলা এলাকার রাবিয়া (৫০) এবং করিমগঞ্জ উপজেলার বাসিন্দা অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩৮) ।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাকুন্দিয়া পৌরসভার একটি ময়লার ট্রাকের পেছনে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর আহম্মেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে এক শিশুসহ গুরুত্বর আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নজরুল ইসলাম নামের একজনের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আহত বাকী চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।