সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ৬১৮ পিস ভারতীয় কাতান শাড়ি, দুটি লেহেঙ্গা ও চোরাচালান কাজে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকাসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়।
এর আগে, বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সুরমা ইউপির বালিকান্দি গ্রামের নদীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা এসব অবৈধ পণ্য এবং দুটি নৌকাসহ তিন চোরাকারবারিকে আটক করে।
জব্দকৃত ভারতীয় ৬১৮ পিস কাতান শাড়ি, দু’টি লেহেঙ্গা ও চোরাই কারবারে ব্যবহৃত দু’টি বড় সাইজের বাল্কহেড স্টীলবডি নৌকাসহ সবগুলো মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) রিফাদ আটক করা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা করে।
আটক চোরাকারীগণ হলেন, সুরমা ইউনিয়েনর বালিকান্দি গ্রামের মরহুম শাহাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মরহুম আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান ও আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া (২৫)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জব্দ করা মালামাল কোর্টে প্রেরণ করা হবে।



