কয়রায় গরুবোঝাই নছিমন উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৩

মঙ্গলবার দুপুর ২টার দিকে মিজানুর রহমান গরুবোঝাই নছিমন নিয়ে বাগালী জেআইবি ক্লাব মাঠের গরুর হাটে যাচ্ছিলেন।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
গরুবোঝাই নছিমন উল্টে ব্যবসায়ী নিহত
গরুবোঝাই নছিমন উল্টে ব্যবসায়ী নিহত |প্রতীকী ছবি

খুলনার কয়রায় গরুবোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে। এ সময় তার ছেলে আব্দুল্যাহসহ (৭) আরো দু’জন আহত হয়েছেন। তারা হলেন একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০)। বর্তমানে তারা উপজেলার জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে মিজানুর রহমান গরুবোঝাই নছিমন নিয়ে বাগালী জেআইবি ক্লাব মাঠের গরুর হাটে যাচ্ছিলেন। এ সময় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নছিমনটি উল্টে যায়। এতে মিজানুর ঘটনাস্থলেই মারা যান।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।