গাজীপুরে রেললাইনে ট্রাক ফেঁসে যাওয়ায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

সোমবার (১৪ জুলাই) কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ট্রেন লাইনের উপর আটকে যাওয়া ট্রাক
ট্রেন লাইনের উপর আটকে যাওয়া ট্রাক |নয়া দিগন্ত

গাজীপুরে রেললাইনের লেবেলক্রসিং পার হওয়ার সময় ধানবোঝাই একটি ট্রাকের চাকা গর্তে আটকে যাওয়ায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশের সহায়তায় রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৪ জুলাই) কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ৮টার দিকে ধানবোঝাই ট্রাক রংপুর থেকে ধামরাই যাচ্ছিল। পথে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইন সংলগ্ন গর্তে চাকা আটকে যায়। চালক ও স্থানীয়রা চেষ্টা করেও ট্রাকটি সরাতে ব্যর্থ হন। এতে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে জেলা পুলিশের সহায়তায় রেকার ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে। ট্রাকটি সরিয়ে নেয়ার পর বেলা ১১টার দিকে ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের কালিয়াকৈর হাই-টেক পার্ক স্টেশনের স্টেশন মাস্টার খায়রুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে সোনাখালি রেলক্রসিং পয়েন্টে রেললাইনের পাশে তৈরি হওয়া গভীর গর্তে ট্রাকের চাকা ফেঁসে যায়। এতে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় আশপাশের বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন থামিয়ে রাখা হয়। ট্রাকটি সরিয়ে নেয়ার পর সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ওই রুটে রেল চলাচল শুরু হয়।