বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) ভোরে ফজরের নামাজের পর স্থানীয়রা বাড়ির সামনের সড়কে তার রক্তাক্ত লাশ দেখে পরিবারকে খবর দেন।
মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মরহুম সফেজ উদ্দিনের ছোট ছেলে।
এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
মিজানের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে মিজানুর রহমান বাসার সামনে তার রিকশা চার্জে রেখে ঘরে ফেরেন। রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। তবে গভীর রাতে কখন তিনি ঘর থেকে বের হয়েছেন, তা কেউ টের পাননি।
নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, রাতে স্বাভাবিকভাবেই সবাই ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজের সময় স্থানীয়দের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
নিহতের বড় ভাই শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে।’
তার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো: শাহেদ চৌধুরী সাংবাদিকদের জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।



