কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় তিনি নিখোঁজ হন।
ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরী দল উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজের সাত ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত স্রোতের কারণে আপাতত উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
নিখোঁজ সিরাজ উদ্দিন উপজেলার বাহাদিয়া গ্রামের রাজা মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে শাকিল ও নিহতের শ্যালক মোমতাজ উদ্দিন জানান, সকাল ৭টার দিকে ছেলে শাকিলকে সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওপারে ঘাস কাটতে যান সিরাজ উদ্দিন। ঘাস কাটা শেষ করে বাবা ও ছেলে দুটি আলাদা ডিঙি নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। ওই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং তীব্র বাতাসের কারণে নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। কিছুদূর যাওয়ার পরই বাতাসের তোড়ে সিরাজ উদ্দিনের নৌকাটি ডুবে যায়। পাশে থাকা নৌকা থেকে ছেলে শাকিল দ্রুত এগিয়ে এলেও তীব্র স্রোতের কারণে তার বাবাকে উদ্ধার করতে পারেননি। মুহূর্তের মধ্যেই সিরাজ উদ্দিন নদীতে তলিয়ে যান।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে ঘটনার ৭-৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ কৃষকের কোনো সন্ধান মেলেনি। নদী ও আবহাওয়ার সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের ডুবুরি দলের টিম লিডার আমিনুর রহমান জানান, নদে অতিরিক্ত স্রোত থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ডুবুরি দল প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পায়নি। প্রচণ্ড স্রোতের কারণে প্রথম দিনের মতো উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।



