সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৯টি ট্রাক্টরসহ বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করেছে প্রশাসন। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
শুক্রবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী (এসপি) সম্রাট হোসেন তালুকদার।
আটকরা হলেন জাহাঙ্গীর গাজী (৩৮), মো: বিল্লাল (৩০), মো: মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) এবং রুপজান (৬৫)।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহ আরেফিন টিলা ও আশপাশের এলাকায় পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযান চালানো হয়। এ সময় সাত হাজার ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু এবং পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়।
পুলিশ জানায়, তারা অবৈধভাবে পাথর পরিবহনের সাথে যুক্ত ছিলেন এবং অভিযানের সময় সরকারি কাজে বাঁধা দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।



