ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই গ্রুপের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় একই সময় ও স্থানে বিএনপির দুই গ্রুপ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। এতে সংঘর্ষ, জননিরাপত্তা বিঘ্ন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন দেয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ অনুযায়ী ১৪৪ ধারা জারি করেন।
জারিকৃত আদেশে বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একইসাথে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র, যেমন— দা, হাসুয়া, লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা তার বেশি লোকের একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আদেশে আরো বলা হয়, ১৪৪ ধারার নির্দেশনা অমান্য করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তানবীর আহম্মেদ জানান, উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে এবং কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং আদেশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।



