মৌলভীবাজারে শিক্ষার্থীদের নিয়ে রেবিস সচেতনতামূলক সেমিনার

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

নয়া দিগন্ত অনলাইন

শিশুদের মধ্যে জলাতঙ্ক (রেবিস) রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে করণীয় তুলে ধরতে মৌলভীবাজার সদর উপজেলার শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেবিস সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের জলাতঙ্ক রোগের কারণ, লক্ষণ, সংক্রমণের ঝুঁকি এবং আক্রান্ত হলে দ্রুত করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়। পাশাপাশি কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ের পর বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজনীয় টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে জলাতঙ্ক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সে লক্ষ্যেই সহজ ভাষায় তথ্যভিত্তিক ও অংশগ্রহণমূলক এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি মৌলভীবাজার সদর উপজেলা শাখার চেয়ারম্যান নাজমুল ইসলাম ফাহিম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ভিবিডির স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা।