নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক স্থানে সাপের ছোবলে ঘুমন্ত শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে রুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে সনাতন ধর্মীয় মনসার গানের মঞ্চে অভিনয় করছিলেন বিজয় রায়। রাস্তায় জেলেদের কাছ থেকে নেয়া সাপটিকে অবিষধর মনে করে অভিনয়ের দৃশ্যের সময় দর্শকদের সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় সাপটি তার হাতে ছোবল দেয়। বাড়িতে ফেরার পর ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, শুক্রবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় শিশু রুনার ডান হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। এ সময় সে মা-বাবার সাথে ঘুমিয়ে ছিল। পরে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



