দর্শনায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

Location :

Chuadanga
দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী র‍্যালি আয়োজন করা হয়
দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী র‍্যালি আয়োজন করা হয় |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা থানা লোকমোর্চা ও আকন্দবাড়িয়া মাদক নির্মূল কমিটি যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।’

আলোচনা সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভার আগে মাদকবিরোধী র‍্যালি আকন্দবাড়িয়া গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।