রাজবাড়ীর গোয়ালন্দে একটি অবৈধ বিটুমিন উৎপাদনকারী কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুণ্ডারের ছেলে শাওন মুণ্ডা (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে সোহেল রানা (২৪)। তারা গোয়ালন্দ উপজেলার শামসুদ্দিন মোল্লাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে পুরাতন গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরির কাজ চলছিল। এ সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সাথে সাথে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, শাওনের শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেলের শরীরের প্রায় ৬০ শতাংশ আগুনে ঝলসে গেছে।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিস্ফোরণের কারণ এবং কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটির পরিবেশ অধিদফতরের কোনো অনুমোদন ছিল না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



