যশোরের চৌগাছায় গরুবোঝাই আলমসাধু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে চালক নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের খলসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম হারেজ আলী মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম নিজের আলমসাধু চালিয়ে পাঁচটি গরু নিয়ে ঝিকরগাছা থেকে চৌগাছা পশুহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পলুয়া গ্রামের খলসি বাজার এলাকায় পৌঁছালে আলমসাধু গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে পাঁচটি গরু জীবিত উদ্ধার করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



