জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সমাজে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।’
আজ শুক্রবার বিকাল ৫টায় শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা শহীদ এমন হোসেন আকাশ মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন ও শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
খেলা শেষে ডিএমখালী ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী ও রানার-আপ রামভদ্রপুর ইউনিয়ন ফুটবল একাদশ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



