ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে নয়জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় মুন্সিপাড়া বিওপি কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
ভারতের বাহিনীর ঠেলে দেয়া লোকদের মধ্যে দুই শিশুও রয়েছে। আটজনের বাড়ি খুলনা বাগেরহাট এবং একজনের বাড়ি ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামে বলে জানা গেছে।
তারা সকলে আটবছর যাবৎ চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতো।
বিজিবি জানায়, চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। সীমান্ত এলাকায় আসতেই বৃহস্পতিবার সকালে ভারতের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে সন্ধ্যায় ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়। খবর পেয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। কড়ই একটি মাদরাসায় বিজিবি হেফাজতে তাদের রাখা হয়েছে।
বিজিবি নেত্রকোনা ৩১ ব্যাটলিয়ান এর সিইও কামরুজ্জামান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



