কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে কয়ছার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কয়ছার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর চিড়া খাওয়ারপাড় গ্রামের মরহুম তমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাসিন্দা ইসমাইল হোসেনের একটি গাছের কাঁঠাল আগে থেকেই কিনে রেখেছিলেন কয়ছার আলী। রোববার সকালে তিনি গাছে উঠে কাঁঠাল পাড়ার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন। একপর্যায়ে নিজেকে সামলানোর চেষ্টা করতে গিয়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার ডান হাতের একটি আঙুল দগ্ধ হয়। পরে তিনি গাছ থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।
উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।



