খুলনায় ইতি (১৭) নামে এক স্কুলছাত্রীকে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় ওই গুলির ঘটনা ঘটে। এ নিয়ে গত পাঁচ দিনে তিনজনকে গুলি করার ঘটনা ঘটল।
আহত ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার জুলফিকার রহমানের মেয়ে এবং রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে এ গুলির ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। তাতে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
খুলনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, রাত পৌনে ৮টার দিকে ইতি তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, আহত ইতি সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিকের সৎ বোন। ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে রক্ত ও গুলির কোনো আলামত পাওয়া যায়নি। কেউ গুলির শব্দও শোনেনি। তবে অন্য কোথাও গুলির ঘটনা ঘটার পর সেটা লুকানো হচ্ছে কি-না সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।



