শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের জমিতে থাকা ১৯ স্থাপনা উচ্ছেদ

শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া এলাকায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের জমিতে থাকা ১৯ স্থাপনা উচ্ছেদ
শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের জমিতে থাকা ১৯ স্থাপনা উচ্ছেদ |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া এলাকায় সড়কের বাঁক সরলীকরণ (কার্ভ সংশোধন) প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে শৈলকুপা উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী যৌথভাবে পরিচালিত এ অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর থাকা ১৯টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। একই সাথে জমিতে থাকা ঘর, দোকান এবং গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

অভিযান চলাকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, সওজের সংশ্লিষ্ট কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে জমির মালিক আব্বাস উদ্দিন মেম্বার জানান, সড়ক ও জনপথ বিভাগ আমাদের জমি অধিগ্রহণ করলেও আমরা জমির সেই অধিগ্রহণকৃত টাকা পাইনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা হচ্ছে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করার লক্ষে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে।’