মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়াবা ও গাঁজাসহ রোজিফা (৩০) নামের এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৯ জুলাই) দুপুরে র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাত পোনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মাদককারবারি রোজিফাকে ১০১ পিস ইয়াবা ও দুই কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ নয় হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



