রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
বিজিবির সাথে কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৯৫টি গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরিফ উদ্দীন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮৮ ব্যাটালিয়নের পক্ষে এসআই এসএন রাজ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকের পর গরুগুলো ফেরত দেয়া হয়।
উল্লেখ্য, রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকায় উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে ১০-১৫ জনের একটি দল গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত গরুগুলো নো-ম্যান্স ল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে ঢুকে যায়। এ সময় ভারতের কালাইয়েরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যায়।
পরে গরুর মালিকরা ইউপি সদস্য মো: ফরমান আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করেন।



