রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তিনি রাবিপ্রবির বিদায়ী ভিসি ড. মো: আতিউর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এতে আরো বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত দায়িত্বসমূহও সম্পাদন করবেন। তবে প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করছেন। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সম্প্রতি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক ড. মো: আতিয়ার রহমানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলে শাখা ছাত্রদল এবং তাকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি ও আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করে সরকার এবং নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে নিয়োগ দেয়া হয়।
এদিকে বিদায়ী ভিসি ড. মো: আতিউর রহমান তার দায়িত্বকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



