রূপগঞ্জে গর্ভবতী নারীর পেটে লাথি, মৃত সন্তান প্রসবের অভিযোগ

তলপেটে আঘাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে বিথী আক্তারের গর্ভের পাঁচ মাসের সন্তানের মৃত্যু হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জ থানা
রূপগঞ্জ থানা |সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এক গর্ভবতী নারীর ওপর নৃশংস হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মাদকাসক্তদের আঘাতে বিথী আক্তার নামে ওই গৃহবধূর গর্ভের সন্তান মারা যায়।

বুধবার (২২ এপ্রিল) মৃত সন্তান প্রসবের পর তার মা মাকসুদা আক্তার চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৃহবধূ বিথী আক্তার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের রমজান মিয়ার মেয়ে।

অভিযোগে জানানো হয়, রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদা আক্তার স্বপরিবারে ঢাকা জেলার ডেমরা থানার কাউয়াটঙ্গি এলাকার আরিফ হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ১৬ এপ্রিল বিকেলে মাকসুদা আক্তার তার মেয়ে বিথী আক্তার ও জোসনা আক্তারকে সাথে নিয়ে তার স্বামী রমজান মিয়ার পৈতৃক বাড়ি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আসেন। সেখানে তিনি দেখতে পান চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের নূর ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), মজিবুর রহমানের ছেলে বসির উদ্দিন (৩৫), আলী হোসেনের ছেলে নয়ন মিয়া (৩০) ও আব্দুল করিমের ছেলে আব্দুর রশিদ (৪০) তাদের বাড়ির উঠোনে বসে মাদক সেবন করছে। এ সময় মাকসুদা আক্তার তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন। তখন মাকসুদা আক্তারদের সাথে মাদকাসক্তদের বাগবিতণ্ডা শুরু হয়। তারা অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করে। এ সময় মাকসুদা আক্তার তাদের মাদক সেবন ও গালিগালাজের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। মাদকাসক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া ও শ্লীলতাহানী করে। একপর্যায়ে তার গর্ভবর্তী মেয়ে বিথী আক্তার ও ছোট মেয়ে জোসনা আক্তারকেও এলোপাতাড়ি কিল, ঘুষি, টানাহেঁচড়া ও উপর্যুপরি লাথি মারে। গর্ভবতী বিথী আক্তার মাটিতে লুটে পড়ে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মাদকাসক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গর্ভবতী বিথী আক্তারের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে গতকাল বুধবার বিথী আক্তার মৃত সন্তান প্রসব করেন।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, তলপেটে আঘাতজনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে বিথী আক্তারের গর্ভের পাঁচ মাসের সন্তানের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বিথী আক্তারে মা মাকসুদা আক্তার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন (৩৫), বসির উদ্দিন (৩৫), নয়ন মিয়া (৩০) ও আব্দুর রশিদকে (৪০) আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিথী আক্তারের পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’