সিলেট নগরীতে এসএমপির সাড়াশি অভিযান

গত ৩২ ঘণ্টায় নগরে পুলিশের অভিযানে ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগের ৩২ ঘণ্টায় আটক হয়েছিলেন ৮১ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির সাড়াশি অভিযান
এসএমপির সাড়াশি অভিযান |নয়া দিগন্ত

সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গত ১৫ দিনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

গত ৩২ ঘণ্টায় নগরে পুলিশের অভিযানে ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগের ৩২ ঘণ্টায় আটক হয়েছিলেন ৮১ জন।

এদিকে চলতি এপ্রিল মাসের ১৫ দিনে সিলেট নগরীতে বিশেষ অভিযানে ৮৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছেন।

এসএমপি সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীতে ছিনতাই ও অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পুলিশ। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সার্বিক নির্দেশনা ও তদারকিতে গত ১৫ দিনে পরিচালিত পৃথক অভিযানে মোট ৮৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। যা নগরীতে ছিনতাই দমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করছে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবী, চোর, ডাকাত এবং চোরাচালানকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়।

এই সময়ে মাদকবিরোধী অভিযানে নগরী থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং এক কেজি ৭৮০ গ্রাম গাঁজা রয়েছে। মাদক সংক্রান্ত অভিযানে গ্রেফতার হয়েছেন ৪৯ জন। একইসময়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর ও ডাকাতকে আটক করা হয়।

এসএমপি সূত্র জানিয়েছে, চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ কেজি জিরা, ২,৪৮০ কেজি ফুসকা, ২,৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০,৪৪০ পিস চশমা, ২,১৪,০৫০ টাকার কসমেটিকস, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা।

এদিকে গত ১৫ দিনে এসএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ১,৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা করা হয়েছে এবং ১,০১১টি যানবাহন আটক করা হয়েছে।