জামালপুর যাচ্ছে ফ্লোরিডায় নিহত লিমনের লাশ, বাদ মাগরিব জানাজা

দুপুরের মধ্যে লিমনের লাশ মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের বাড়িতে পৌঁছাবে। তার জানাজার নামাজ বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Jamalpur
নিহত জামিল আহমেদ লিমন
নিহত জামিল আহমেদ লিমন |ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ নিজ বাড়ি জামালপুরের মাদারগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।

এর আগে, সোমবার (৪ মে) সকাল ৯টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ করা হয়। বিমানবন্দরে লিমনের লাশ গ্রহণ করেন তার বাবা মো: জহুরুল হক ও ছোট ভাই যোবায়ের আহমেদ।

নিহত লিমনের চাচা মো: আসাদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের মধ্যে লিমনের লাশ মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামের বাড়িতে পৌঁছাবে। তার জানাজার নামাজ বাদ মাগরিব স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। ইতোমধ্যেই কবর খননের কাজ সম্পন্ন হয়েছে। এলাকায় মাইকিং করে জানাজা নামাজের কথা প্রচার করা হচ্ছে। লাশের সাথে লিমনের বাবা-মা, একমাত্র ভাই ও স্বজনরা রয়েছেন।

মো: আসাদুল্লাহ আরো জানান, ফ্লোরিডায় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের পক্ষে লিমনের লাশ গ্রহণ করেন তার খালা তাসলিমা বেগম। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। লাশের সাথে তিনি বাংলাদেশে এসেছেন। তার ফ্লাইট আজ (সোমবার) দুপুর ১টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

নিহত লিমনের বাবা মো: জহুরুল হক, মা লুৎফুন্নেছা ও ছোট ভাই যোবায়ের আহমেদ দীর্ঘদিন থেকে ঢাকার হাসনাবাদ এলাকায় বসবাস করছেন। জহুরুল হক পেশায় টেক্সটাইল মিলের কর্মকর্তা ছিলেন, মা গৃহিনী ও একমাত্র ছোট ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকে অধ্যয়নরত।

সূত্র : ইউএনবি