পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ একসঙ্গে কাজ করলেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরো বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, গবেষণা, তথ্যপ্রযুক্তি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে এখনও অনেক ক্ষেত্রে নারীরা সহিংসতা ও বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা মোকাবেলায় আইন প্রয়োগের পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান এবং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা।
এর আগে ভিসি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



