সর্বস্তরের নাগরিকদের সম্মানে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের ইফতার মাহফিল

‘আমরা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই, তবে সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে ইফতার
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে ইফতার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সর্বস্তরের নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগর আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ‘কোরআন আমাদের সত্য-মিথ্যার পার্থক্য শিখিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। দেশের মানুষ ব্যক্তিগতভাবে ভালো না হলে দেশ ভালো হবে না। রোজার শিক্ষা নিয়ে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, তবে জনস্বার্থে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন সবার কাছে দোয়া চেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ‘আমরা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই, তবে সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।’

ফিলিস্তিন, মিয়ানমার ও ইরানের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুসলিম উম্মাহ ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হলে সব তাগুতি শক্তি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়বে।’

জননিরাপত্তা ও মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমানে দেশের মানুষ নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে যুদ্ধ করতে হবে।’

এ সময় তিনি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খাঁনকে জনগণের জানমাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা শেষে প্রধান অতিথি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতের নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা শায়েক আহাম্মদ, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা ইমদাদুল হক, জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, হাফেজ আব্দুল মোমিনসহ আমার বাংলাদেশ (এবি) পার্টি, লেবার পার্টি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংসদ (জাসাস) ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।