সড়ক দুর্ঘটনা

সিলেটে বেড়াতে আসা কিশোরগঞ্জের ৫ বন্ধুর একজন নিহত ১, হাসপাতালে ২

কিশোরগঞ্জের ৫ বন্ধু সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন দুইজন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নিহত সাইফুল ইসলাম (৫৫)
নিহত সাইফুল ইসলাম (৫৫) |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাঁচ বন্ধু সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুইজন। তবে সাথে থাকা অপর দুজন বিমানযোগে ঢাকা ফেরায় তারা এ দুর্ঘটনা থেকে বেঁচে যান।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং ৩০ জন আহত হন।

জানা যায়, সিলেটে ঘুরতে এসেছিলেন কিশোরগঞ্জের ৫ বন্ধু। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বাসিন্দা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার দুই বন্ধু একই উপজেলার ফারুকুল ইসলাম ও আব্দুল লতিফ আহত হয়ে এখন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার সাইফুল ইসলাম, ফারুকুল ইসলাম, জমরুত মিয়া, মো: রানা ও আব্দুল লতিফ—এই পাঁচ বন্ধু সিলেট ভ্রমণে এসেছিলেন। ফেরার পথে সাইফুল, ফারুকুল ও লতিফ বাসে করে কুলিয়ারচরের উদ্দেশে রওনা দেন। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। আর জমরুত মিয়া ও রানা বিমানে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

আহত আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে রওনা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর এলাকায় বিপরীতমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক জমরুত মিয়া বলেন, অনেক দিন ধরেই তাদের সিলেট ভ্রমণের পরিকল্পনা ছিল। বিমানে ওঠার আগেই সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, সংঘর্ষে বাসের এক পাশের যাত্রীরাই বেশি হতাহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। পেশায় ঠিকাদার সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন।