নাটোরে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মো: শহীদুল হক সরকার, বাংলাদেশ প্রেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউশন, অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি মো: রফিকুল ইসলাম প্রামাণিক ও সাধারণ সম্পাদক হাবিব আহসান বাবু।
সভায় পেট্রল পাম্প মালিকেরা জানান, অনুমোদনবিহীন খুচরা জ্বালানি তেল ব্যবসায়ীরা তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। এটা বন্ধ করা গেলে নাটোরে তেলের কোনো সংকট থাকবে না।
জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের কোন সংকট নেই। ইতোমধ্যে সকল উপজেলা পর্যায়ের প্রশাসন অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে। এই অভিযান আরো জোরদার করা হবে। দেশের মানুষ আতংকে অতিরিক্ত তেল কিনে সংরক্ষণ করে রাখার মানুষিকতা পরিহার করতে হবে। তাহলেই কোন সংকট হবে না।



