ফতুল্লায় রাজ্জাক বাহিনীর সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’, অস্ত্রসহ আটক ২

আহত এসআই রফিক জানান, শনিবার দুপুরে রাজ্জাকের নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে চাষাড়া থেকে ইসদাইর নতুন বাজার এলাকার দিকে যাচ্ছে—এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে রেললাইনের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি গুলি চালানো হয়। পরে পুলিশ পাল্টা গুলি চালায়।

Location :

Narayanganj

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় কথিত মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে রাজ্জাকের ছেলে জসিম (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জসিম ও তার সহযোগী মোহনকে (২২) একটি বিদেশী পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. রফিক , এসআই নন্দন কুমার সরকার ও কনস্টেবল রাসেদুল ইসলাম। তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে রাজ্জাক, তার শ্যালক ইয়াদ আলী ও ছেলে ওয়াসিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে চাষাড়া রেলস্টেশন থেকে ইসদাইর নতুন রাস্তার দিকে যাচ্ছিল। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়।

পুলিশের দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দলটির সদস্যরা রেললাইনের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় জসিম ও মোহনকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে রাজ্জাক ও তার ছেলে জসিম কারাগার থেকে জামিনে বের হন। জামিনে বের হওয়ার পর তারা ইসদাইর এলাকায় ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে চাষাড়া রেলস্টেশন ও ইসদাইর নতুন রাস্তা এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়।

আহত এসআই রফিক জানান, শনিবার দুপুরে রাজ্জাকের নেতৃত্বে তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে চাষাড়া থেকে ইসদাইর নতুন বাজার এলাকার দিকে যাচ্ছে—এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে রেললাইনের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি গুলি চালানো হয়। পরে পুলিশ পাল্টা গুলি চালায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।