কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনার জেরে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো: আশু মিয়া (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশু মিয়া উপজেলার দরিয়াবাদ এলাকার মরহুম আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় ধানের খড় নিয়ে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সাথে বৃদ্ধ আশু মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে থানায় নেয়া হয়।



