চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মেহেরাজ হোসেন লিমন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অন্য এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকার হরিহরনগর গ্রামে মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার লিমন ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়ের ও জীবননগর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির একটি টহল দল বুধবার দিবাগত রাত ২টার দিকে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার ৪০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।



