মেহেরপুরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার মেয়ে তাছলিমা খাতুন (৩৪) এবং তার নাতনি খাদিজা (৩) ও চাঁদনী খাতুন (৩ মাস)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে শোলমারী সড়কের ফতেপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজা ও চাঁদনিকে নিয়ে একটি মোটরাসইকেল যোগে মেয়ের শ্বশুর বাড়ি শোলমারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মান্নাফের মৃত্যু হয়। আহত হন তাছলিমা ও খাদিজা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমানুল্লাহ আল বারি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করা হবে।



