বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

মূল অভিযুক্তসহ দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
আহত জামায়াত নেতার মৃত্যু
আহত জামায়াত নেতার মৃত্যু |নয়া দিগন্ত

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুপচাঁচিয়ায় সদর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি সম্রাট হোসেন বাপ্পা (৪১) নিহত হয়েছেন। গত ২৫ জুন গুরুতর আহত হয়ে তিনি ঢাকার এক হাসপাতালে অচেতন অবস্থায় ছিলেন।

রোববার (৫ জুলাই) বিকেলে ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুপচাঁচিয়ার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দদের (৬৮) ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ২৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল করিম ২০ থেকে ২৫ জন ভাড়াটে লোক নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা করে। বাবাকে বাঁচাতে রফিক আকন্দের ছেলে জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পী এগিয়ে গেলে তার ওপরও হামলা করে সন্ত্রাসীরা। হামলায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান সম্রাট। স্বামী এবং ছেলেকে বাঁচাতে জোসনা বেগম (৬২) এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হলে পরের দিন ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সম্রাটের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম দুপচাঁচিয়া থানায় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দসহ আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বিএনপি নেতা আব্দুল করিম এবং তার স্ত্রী মিথিলাকে গ্রেফতার করে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, মূল অভিযুক্তসহ দু’জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, সম্রাট হত্যার প্রতিবাদে দুপচাঁচিয়ায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানাযা শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।