এক্সকেভেটর দিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শিশুর মৃত্যু, থানায় মামলা

বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় এক্সকেভেটর মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটি থেকে মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এক্সকেভেটর মেশিনের চালককে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে ছেঁড়া তার মেরামত করতে বলেন। কিন্তু স্থানীয়দের কথায় গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় পুকুর খননের কাজ করছিলেন চালক।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে পুকুর খননের সময় এক্সকেভেটর মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইন থেকে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর আগে, রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই শিশুর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শিশুর বাবা রোববার রাতেই নয়জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক্সকেভেটর মেশিনটি জব্দ করেছে।

শিশু রবিউল ইসলাম ধনপাড়া পুর্বপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে।

দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ধনপাড়া গ্রামের জাকির হোসেন ফসিল (৫৫) ও একই গ্রামের মাজেদুল দেওয়ানসহ (৬০) কয়েকজন এক্সকেভেটর মেশিন দিয়ে বেশ কয়েক দিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পুকুর খনন করছিলেন। বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় এক্সকেভেটর মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটি থেকে মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এক্সকেভেটর মেশিনের চালককে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে ছেঁড়া তার মেরামত করতে বলেন। কিন্তু স্থানীয়দের কথায় গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় পুকুর খননের কাজ করছিলেন চালক।

পরে বিকেল সাড়ে ৩টা নাগাদ শিশু রবিউল খেলাধুলা করার সময় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এক্সকেভেটর মেশিন জব্দসহ শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা এজাহার নামীয় আটজন ও অজ্ঞাত পরিচয় আরো একজনসহ মোট নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নিহত শিশুর বাবা ময়নুল হক জানান, তিনি রাজমিস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। শিশু রবিউল ছিল পরিবারের একমাত্র সন্তান। ছেঁড়া তার মেরামত করার জন্য স্থানীয় লোকজন বার বার বললেও কারো কথায় কর্ণপাত করেননি এক্সকেভেটর চালক। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় শিশুর বাবা মামলা দায়ের করেছেন। রোববার রাতেই এক্সকেভেটর মেশিন জব্দসহ শিশুর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।