ময়মনসিংহের নান্দাইলে শিয়ালের হামলায় একই পরিবারের ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি শিয়াল বাড়িতে ঢুকে বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। এতে পরিবারের নারী-শিশুসহ ১১ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়।
জলাতঙ্ক প্রতিরোধে তাদের ‘র্যাবিস ভ্যাকসিন’ ও ‘আইজি র্যাবিস’ ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিনপ্রাপ্তরা হলেন- হুমায়ূন (১৪), ফাতেমা (৭০), ফাতেমা (৫০), রাশিদা (৫০) ও হোসনা (৭০)। এছাড়া গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামে আরো তিনজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন।
চিকিৎসা কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা সুলতানা এবং মেডিক্যাল অফিসার ডা: এনামুল হক রচি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত হওয়ায় চিকিৎসা দিতে কোনো সমস্যা হয়নি।
চিকিৎসকরা জানায়, শিয়াল, কুকুর বা অন্য কোনো বন্যপ্রাণীর কামড়ের শিকার হলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়মিত র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়।



