ইবিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি

ইবি ভিসি ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আজকে শুরু হওয়া স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ জাতীয় কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ না রেখে, তাদেরকে মানবতার সেবায় এগিয়ে আসার সুযোগ করে দিতে চাই।’

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Location :

Kushtia
কর্মসূচি উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন
কর্মসূচি উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও রক্তের শর্করা পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের মেডিসিন ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইবির স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য ও গ্রিন ভয়েস কর্মসূচিতে সহযোগিতা করে।

কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ইবি ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন।

ইবি ভিসি ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আজকে শুরু হওয়া স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ জাতীয় কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানে সীমাবদ্ধ না রেখে, তাদেরকে মানবতার সেবায় এগিয়ে আসার সুযোগ করে দিতে চাই। এর মাধ্যমে তারা যাতে দেশ ও জাতির প্রয়োজনে তাদের মেধা ও মননের সংযোগ ঘটাতে পারে, সেই সুযোগ তৈরি হচ্ছে।’

অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের মেডিসিন ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়ার ও সাধারণ সম্পাদক সালিম সাদমান শিমুলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, ‘মেডিসিন ক্লাব মূলত রক্ত নিয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ করাই ক্লাবটির উদ্দেশ্য।’

তারা বলেন, ‘বর্তমানে হাসপাতালে অপারেশনের সংখ্যা বাড়ায় রক্তের চাহিদা বেড়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় রক্তদাতা কম। এ কারণে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছে আসতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’