ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন

ঝিনাইদহে মেডিক্যাল কলেজটি জেলা শহর সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনে প্রতিনিধি দল
ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শনে প্রতিনিধি দল |নয়া দিগন্ত

ঝিনাইদহে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় বিভাগের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেছে।

বুধবার (১০ জুন) সকালে প্রতিনিধি দলটি ঝিনাইদহ শহরের চুটুলিয়া মোড় সংলগ্ন মাঠ, মেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (ম্যাটস) এলাকা, ঝিনাইদহ-কুষ্টিয়া রোড সংলগ্ন ঝিনাইদহ ক্যাডেট কলেজের উত্তর পাশের খাস জমি ও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৩১ একর খাস জমি পরিদর্শন করে। এছাড়াও শৈলকুপা উপজেলার গাড়াগজ্ঞ বাজারের কাছে কুষ্টিয়া সড়কের পশ্চিম পাশের একটি জমিও পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম, সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব সঞ্জীব ও ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা: কামরুজ্জামান, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মুস্তাফিজুর রহমান, ডা: হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ঝিনাইদহে মেডিক্যাল কলেজটি জেলা শহর সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ইতোমধ্যে মেডিক্যাল কলেজটি জেলা শহরে স্থাপনের জন্য জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কয়েক বছর ধরে আন্দোলন-সংগ্রামসহ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে।