বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (র:) মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে ফাতেমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর রাত ৪টা ৪০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের মহিলা ঘাটে গোসল করতে নামলে মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে ফাতেমাকে কুমির কামড়ে পানির নিচে টেনে নেয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
খবর পেয়ে বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো: বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় রাতভর অভিযান চালান। প্রায় সাড়ে আট ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার ভোরে শিশুটির লাশ উদ্ধার করা সম্ভব হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: মামুনুর রশিদ জানান, খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।



