পরিবারের স্বপ্নপূরণে বিদেশ যাওয়া হলো না শিবপুরের মাফিজুল ইসলামের(১৮) । নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা মাফিজুল নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিজুল ইসলাম শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত মিয়া (২৫) এবং গাফুর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মাফিজুল ইসলাম ও প্রতিবেশী সিফাত মিয়া মানিকদী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী পলাশ উপজেলার চরসিন্দুরে বিদেশ যাওয়ার একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রতিদিনের মতো কাজ শিখতে যাচ্ছিলেন।
দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের গেইটের সামনে আসলে পরিষদ থেকে বের হওয়া বৃদ্ধা মনোয়ারা বেগমের সাথে ধাক্কা লাগলে পরিষদের সীমানা প্রাচীরের সাথে ধাক্কা লেগে মাফিজুল ইসলাম ও সিফাত মিয়া এবং মোটরসাইকেলের ধাক্কায় সড়কে লুটিয়ে পড়ে মনোয়ারা বেগম গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
মনোয়ারা বেগম বয়স্ক ভাতা নিয়ে চেয়ারম্যান অফিসের সামনের রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকায় নেয়ার পথে মাফিজুল ইসলাম মারা যান। আহত সিফাত মিয়া ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে এবং মনোয়ারা বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
নিহত মাফিজুলের বাবা আবুল হোসেন জানান, তার ছেলে কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়। আজ সকালে সেই সেন্টারে প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর খবর পাই, ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন।
দুলালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: আনোয়ারুল হক জানান, তারা হুডা দিয়ে গড়বাড়ী বাজার - চরসিন্দুর সড়কের শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বয়স্ক ভাতা গ্রহণ করে মনোয়ারা বেগম রাস্তা পার হওয়ার সময় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা বলেন, আমি পরিষদে বসা ছিলাম, বাইরে হট্টগোলের শব্দ শুনে বের হয়ে দেখি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে খবর পাই মাফিজুল ইসলাম মারা গেছেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়া বলেন, ‘ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



