খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে মৌচিং মারমা (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার চার নম্বর লতিবান ইউনিয়নের উগ্যজাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌচিং মারমা উগ্যজাই মারমার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মৌচিং স্কুল থেকে বাড়ি ফিরে নালকাটা স্কুল মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। এ সময় লাফালাফির এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



