নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌর মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে পাঁচ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও পাঁচ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
মূলধনী আয় ও ব্যয় ধরা হয়েছে ৪৪ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে ১৯ লাখ তিন হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মলয় কুমার কুন্ডু ও যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, ব্যবসায়ী ঈমান আলী ও মামুনুর রশিদ শিপন, সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজ হোসেন এবং পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজু রহমান বকুল বক্তব্য রাখেন।
বাজেটে সড়ক বাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, শিক্ষা, স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ডিজিটালাইজেশন সেবা এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।



