বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নিপীড়ন উপেক্ষা করে আর্তমানবতার কল্যাণে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে।
তিনি বলেন, এখন আবার জামায়াত-শিবিরের উপর হামলা-মামলা শুরু হয়েছে। চট্রগ্রাম সিটি কলেজে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের জেলে নেয়া হচ্ছে। ক্ষমতায় যাওয়ার দুই মাস পরেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি।
তিনি আরো বলেন, জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
নগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে মহানগর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মানবসম্পদ সম্পাদক সেলিম রেজা, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আজগর আলী, অ্যাডভোকেট নুরুল ইসমলাম আকন্দ, অ্যাডভোকেট শাহীন মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বগুড়া মহানগরের ২১টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।



