গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে নিজ বসতবাড়ির ঘরের ভেতরে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চক গোবিন্দপুর এলাকায় এই খুনের ঘটনা ঘটে।
ওই শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা (৪৫)। তিনি চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান আলীর মেয়ে।
জানা যায়, শনিবার দুপুরের পর কে বা কারা তার ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এ সময় তার ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে রুমা হত্যাকাণ্ডে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মির্জা মো: শওকত জ্জামান প্রধান এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সেইসাথে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।



