রাঙ্গামাটিতে বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন গার্মেন্টস শ্রমিক একটি বাস রিজার্ভ করে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, এ ঘটনায় আহত ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিক্যলে রেফার করা হয়েছে।



