সৌদি আরবে মিসাইল হামলায় নিহত ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে সরকারি সহায়তা নিয়ে আসলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলায় রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের নিহত মামুনের বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। এ সময় নিহতের বাবা শহীদ সওদাগর, মা ও স্ত্রী নিহতের লাশ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার দাবি জানান।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত মামুনের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আপাতত তার পরিবার, স্ত্রী ও এক ছেলের জন্য ঈদ সামগ্রী প্রদান করেছি। এগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই লাশ দেশে পৌঁছবে বলেন তিনি।
এমপি আরো বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সব দেশের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।
উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত পরিবারকে সরকার ও ওয়েজ আর্নার বোর্ড থেকে বিধি মোতাবেক প্রাপ্য সুবিধাদির বিষয়ে অবগত করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে লাশ ফেরতসহ সুবিধাদি প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক সহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ মার্চ (রোববার) সৌদি আরব স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুল্লাহ আল মামুনসহ তিনজন বাংলাদেশী নিহত হন। অপর দুইজনের বাড়ি কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইল ঘাটাইলে মোশাররফ হোসেন।
এ ঘটনায় আরো ১২ জন আহত হয়েছেন। ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ করে এই মিসাইল হামলা হয়েছে বলে জানা যায়।



