রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পণ্য ধ্বংস

দীর্ঘদিন ধরে হরিশপুর গ্রামের ময়েন উদ্দীনের স্ত্রী লায়লা খাতুন (৪০) নিজ বাসায় অনুমোদন ছাড়াই জুসের নকল কারখানা গড়ে তোলেন।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
নকল জুস তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
নকল জুস তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে বাসায় গড়ে তোলা অবৈধ নকল জুসের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় অর্ধলাখ টাকার মালামাল জব্দ করে ধ্বংস এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হরিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

নাবিলা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরে হরিশপুর গ্রামের ময়েন উদ্দীনের স্ত্রী লায়লা খাতুন (৪০) নিজ বাসায় অনুমোদন ছাড়াই জুসের নকল কারখানা গড়ে তোলেন। ক্ষতিকর কাপড়ের রঙ, স্যাকারিন ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে জুস, চাটনি ও ললিপপসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য তৈরি করতেন তিনি। এরপর চোখ ধাঁধানো মোড়ক ব্যবহার ও প্যাকেটজাত করে ব্যবসা করে আসছিলেন লায়লা খাতুন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় অর্ধলাখ টাকার নকল জুসসহ বিভিন্ন পণ্য ও জুস তৈরির উপকরণ হিসেবে স্যাকারিন, কাপড়ে ব্যবহৃত রঙ ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে সেখানেই ধ্বংস করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক লায়না খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।