কেসিসির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা ৩ সেপ্টেম্বর

সভায় কেসিসির প্রশাসক বলেন, আসন্ন বাজেট হবে বাস্তবভিত্তিক। গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়কের উন্নয়ন ও পুনর্বাসন এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প শেষ পর্যায়ে থাকায় এবারের বাজেটের আকার কিছুটা কমেছে। সরকারি প্রকল্পের সংখ্যা কমলেও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে কেসিসির নিজস্ব রাজস্ব আদায় বেড়েছে।

খুলনা ব্যুরো

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামী ৩ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

বুধবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা-সংক্রান্ত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মতামত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় কেসিসির প্রশাসক বলেন, আসন্ন বাজেট হবে বাস্তবভিত্তিক। গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়কের উন্নয়ন ও পুনর্বাসন এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প শেষ পর্যায়ে থাকায় এবারের বাজেটের আকার কিছুটা কমেছে। সরকারি প্রকল্পের সংখ্যা কমলেও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে কেসিসির নিজস্ব রাজস্ব আদায় বেড়েছে।

তিনি বলেন, আসন্ন বাজেটে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য সুব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। সব পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে খুলনাকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভা পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন বাজেট কাম অ্যাকাউন্টস কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সভায় কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজারশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, স্থপতি রেজবিনা খানম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম এম শামিমুজ্জামান, খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুরবালা, কেডিএর উপপরিচালক (বাজেট ও নিরীক্ষা) মামুনুল আবেদীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমরান হাসান, বিটিসিএলের ডিজিএম বেনজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন, বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।