নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল খেয়াঘাট এলাকায় মধুমতী নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।
পরে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছেন পুলিশ।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এ এলাকায় আসতে পারে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



