হুইপ অপু

শিগগিরই ৫ লাখ বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবে

‘আপনাদের সকলের সহযোগিতায় আগামীতে এমন একটি শরীয়তপুর গঠন করতে চাই যেখানে থাকবে না কোনো হিংসা-বিদ্বেষ।’

শরীয়তপুর প্রতিনিধি

Location :

Shariatpur
জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ অন্যরা
জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ অন্যরা |নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাস করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যে নির্বাচনী ২১ দফা প্রতিশ্রুতির মধ্যে সাতটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।’

এ সময় তিনি জানান, বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের চুক্তি হয়েছে। খুব শিগগিরই পাঁচ লাখ বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবে।

‘মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন,’ বলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তিনি শনিবার (৯ মে) দুপুরে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদক প্রসঙ্গে হুইপ অপু বলেন, ‘মাদকের যে ভয়ঙ্কর থাবা আমাদের যুবসমাজকে গ্রাস করেছে তা প্রতিরোধে সমাজের সকল স্তরের লোকের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

শরীয়তপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় আগামীতে এমন একটি শরীয়তপুর গঠন করতে চাই যেখানে থাকবে না কোনো হিংসা-বিদ্বেষ। শুধু থাকবে পারস্পরিক ভালোবাসা আর সর্বস্তরের উন্নয়ন।’

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে জেলেদের হাতে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা উর্মি ও ফাহমিদা হক।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবী, অতিরিক্ত পুলিশ পুপার সামছুল আরেফিন, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল শিকদার, রেজাউল করিম শ্যামল বেপারীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।